টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা না পাওয়া এবং এর মধ্যে চারটিতেই পরাজয়ের চরম ব্যর্থতার মুখে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকান কোচ গুয়েলমো হয়োসকে সরিয়ে ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট হাতে না পাওয়া পর্যন্ত কিলি গঞ্জালেস আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। ভিসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে হয়োসই দলের ডাগআউটে থাকবেন।
আর্জেন্টাইন এই নতুন কোচের ঝুলিতে রয়েছে রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সানতা ফে) এবং প্লাতেনসের মতো ক্লাবগুলোকে কোচিং করানোর অভিজ্ঞতা। মেজর লিগ সকারে বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
খেলোয়াড়ি জীবনে কিলি গঞ্জালেসের রয়েছে সমৃদ্ধ এক অতীত। ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে ক্যারিয়ার শুরুর পর ইউরোপের খ্যাতনামা ক্লাব ভ্যালেন্সিয়া, জারাগোজা ও ইন্টার মিলানের মতো জায়ান্ট দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন এই উইঙ্গার। ২০০৫ সালে বর্তমান মায়ামি অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ হিসেবে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছিলেন গঞ্জালেস।
এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে এসেছিলেন হয়োস। পরবর্তীতে তাকেই স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় মায়ামি কর্তৃপক্ষ। তাঁর অধীনে শুরুটাও হয়েছিল দারুণ—প্রথম ৮ ম্যাচে ২৬ গোল করে ৬ জয় ও ১ ড্র নিয়ে মিয়ামির ইতিহাসে নতুন কোচের অভিষেকে সেরা পারফরম্যান্সের রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর এই অবদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে কোচ পরিবর্তনের পাশাপাশি স্কোয়াড শক্তিশালী করতে নতুন খেলোয়াড় ভেড়াতেও তৎপর ইন্টার মায়ামি। ব্রাজিলের শীর্ষ ক্লাব পালমেইরাস থেকে ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে দলে ভেড়াতে চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা।
kalprakash.com/IM