সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪১:১৩

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৪১ কোটি টাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৪১ কোটি টাকায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক দুটি গোল—‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র স্মৃতিবিজড়িত সেই ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪১ কোটি টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার বলটি নিলামে বিক্রি করে। প্রতিষ্ঠানটি বলটির দাম অন্তত ১ কোটি ডলার পর্যন্ত ওঠার প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে তা বিক্রি হয়।

বলটি ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্যবহৃত ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক ২-১ গোলের জয়ে ম্যারাডোনা এই বল দিয়েই দুটি অবিস্মরণীয় গোল করেছিলেন।

ম্যাচের ৫১ মিনিটে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে লাফিয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে ম্যারাডোনা রসিকতা করে এই গোলকে ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশ্রণ বলে বর্ণনা করেছিলেন, যা ফুটবলের ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।

এর মাত্র চার মিনিট পর ম্যারাডোনা করেন ম্যাচের দ্বিতীয় গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একা পাঁচজন ইংলিশ খেলোয়াড় ও গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। পরবর্তীতে ফিফার বিশ্বব্যাপী ভোটে গোলটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

ঐতিহাসিক এই বলটি ম্যাচ শেষে দীর্ঘ ৩৬ বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। ২০২২ সালে গ্রাহাম বাড অকশনে বলটি প্রথমবার ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবারও নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় তা বিক্রি হয়নি। এবার নতুন নিলামে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে বিক্রি হলো বলটি।

তবে ওই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সির দাম উঠেছিল আরও বেশি। ২০২২ সালে সোথবিজের নিলামে জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়, যা তৎকালীন সময়ে ম্যাচে ব্যবহৃত যেকোনো ক্রীড়া সামগ্রীর মূল্যে বিশ্বরেকর্ড গড়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে বিক্রি হলো ৪১ কোটি টাকায়

বিস্তারিত কমেন্টে