যশোরের মণিরামপুরে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ছয় বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। তারা সম্পর্কে পরস্পরের চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁওড় থেকে দুই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাজরাকাটি গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান।
kalprakash.com/IM