বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তাঁর তৃতীয় সন্তানের আগমন ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।
সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এ আলোচনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তাঁর এক সহযোগী কারিনার ঠিক সামনে একটি ছাতা ধরে রাখার চেষ্টা করছিলেন।
এটি দেখেই নেটিজেনদের একাংশের ধারণা তৈরি হয়, কারিনা হয়তো তাঁর ‘বেবি বাম্প’ আড়াল করতেই ছাতার আশ্রয় নিচ্ছেন। আর এতেই মুহূর্তের মধ্যে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়ে পড়ে।
তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রের দাবি, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে শারীরিক গঠনে কিছুটা পরিবর্তন মনে হতে পারে। ফলে ছাতা আড়ালের বিষয়টিকে অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, সাইফ-কারিনা দম্পতির ঘরে তৈমুর ও জেহ নামে দুই সন্তান রয়েছে। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন পালন করতে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা।
এর আগে এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব বয়সে সাইফ আবারও বাবা হন—তা তিনি চান না। বর্তমানে দুই সন্তানকে নিয়েই তাঁরা গুছিয়ে সংসার করছেন।
kalprakash.com/IM