আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে অপছন্দ করার তালিকায় শীর্ষে রয়েছে প্রতিবেশী পাকিস্তান। দেশটির প্রায় ৯১ শতাংশ নাগরিক ভারতের প্রতি স্পষ্ট নেতিবাচক মনোভাব পোষণ করেন। একই সঙ্গে বাংলাদেশেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দ্রুত হ্রাস পেয়েছে।
বিশ্বের ৩৬টি দেশের মানুষের মতামত নিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’-এর সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
জরিপের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ নাগরিক ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও ২০২৬ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৪২ শতাংশে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে বাংলাদেশে ভারতের প্রতি সমর্থন কমেছে ১৫ শতাংশ। এছাড়া মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনেও ভারতের প্রতি অসন্তোষ স্পষ্ট; পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৫৬ শতাংশ মানুষ ভারতকে অপছন্দ করেন। পাশাপাশি তুরস্ক, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর মতো দেশগুলোতেও ভারতকে অপছন্দ করার প্রবণতা আগের চেয়ে বেড়েছে।
এর বিপরীতে ইসরায়েলে ভারতের প্রতি বেশ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। জরিপে অংশ নেওয়া ইসরায়েলি নাগরিকদের ৬০ শতাংশ ভারতের পক্ষে মত দিয়েছেন, আর অপছন্দ করেন মাত্র ২৯ শতাংশ। গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত বৈশ্বিক এই মতামত জরিপটি পরিচালনা করে পিউ রিসার্চ সেন্টার।
kalprakash.com/IM