চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আগস্ট/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন দাবি ও সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আদেশ দেন।
অনুষ্ঠানে সিএমপির দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল-এ (অবসরোত্তর ছুটি) গমনকারী চারজন পুলিশ সদস্যকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। বিদায়ী সদস্যরা হলেন—এসআই (সশস্ত্র) আবুল কাশেম, কনস্টেবল মো. তৈয়ব আলী, কনস্টেবল মো. আমির হোসেন এবং কনস্টেবল সুমন বড়ুয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
kalprakash.com/IM