সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, দায়িত্ব বণ্টন ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু সালেহ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পদে দলীয় ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তোলেন। একই সঙ্গে রাজনৈতিক প্রয়োজনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সহযোগিতা চাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মাওলানা আবু সালেহ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘সারের ডিলারশিপ তোমরা নিবা। ক্রিকেট বোর্ডের সদস্য তোমরা হইবা। সিটি করপোরেশনের প্রশাসক তোমরা হইবা। সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ তোমরা নিবা। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল—সব জায়গাতেই সভাপতি, ভিসি তোমরা হইবা। আর রাস্তায় নামার দরকার হলে জামায়াত-শিবির খোঁজ করবা। তা হবে না। কী রাগ করলা?’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা নিজেদের মধ্যে বণ্টন করার পর রাজনৈতিক সংকট মোকাবিলা কিংবা রাজপথের কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। তাঁর মতে, রাজনৈতিক প্রয়োজনে এক পক্ষের সহযোগিতা চাওয়া হলেও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে না।
মাওলানা আবু সালেহর বক্তব্যে বিএনপির বিরুদ্ধে দলীয়করণ, পদ-পদবি বণ্টনে পক্ষপাত এবং রাজনৈতিক দ্বিমুখী আচরণের অভিযোগ উঠে এসেছে। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান অধিকার, দায়িত্বশীল আচরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি তুলে ধরেছেন।