দীর্ঘ সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই হ্রদে নতুন উদ্যমে শুরু হয়েছে মাছ আহরণ। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকেই জাল, নৌকা ও ট্রলার নিয়ে কাপ্তাই হ্রদের পানিতে নেমে পড়েন হাজারো জেলে।
মাছ ধরা শুরু হওয়ায় হ্রদবেষ্টিত জেলেপাড়া ও স্থানীয় মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘ বেকারত্ব শেষে স্বস্তি বিরাজ করছে জেলে পরিবারগুলোর মাঝে।
কাপ্তাই হ্রদে মাছের স্বাভাবিক প্রজনন, বংশবৃদ্ধি, পোনা মাছের সুষম বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি অস্বাভাবিক দ্রুত কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ২৫ এপ্রিল থেকে মাছ শিকার বন্ধ ঘোষণা করা হয়।
সাধারণত প্রতিবছর ১ আগস্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এবার পানির স্তর প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়। ফলে এ বছর সর্বমোট ৩ মাস ১৫ দিন হ্রদে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ ছিল।
দীর্ঘ এ নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণের পাশাপাশি বন্ধ ছিল হ্রদকেন্দ্রিক স্থানীয় বরফকল ও পরিবহনব্যবস্থাও। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে হ্রদাঞ্চলের মাছ আহরণ, বাজারজাতকরণ ও ব্যবসা-বাণিজ্য। চলতি মৌসুমে ভালো পরিমাণের মাছ আহরিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।
kalprakash.com/IM