২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ ও গৌরবময় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫২ জন ক্যাডেটের সবাই পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে। এতে প্রতিষ্ঠানটিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটিই অর্জিত হয়েছে শতভাগ।
সোমবার (১০ আগস্ট) এসএসসির ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাবনা ক্যাডেট কলেজের মোট ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছে। বাকি ২ জন সাধারণ জিপিএ-৫ পেয়েছে। এই অভাবনীয় কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
অসাধারণ এই ফলাফলে প্রতিক্রিয়া ব্যক্ত করে পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, “এই ধারাবাহিক সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টার ফসল। আমাদের প্রতিষ্ঠানের নিবিড় মনিটরিং, কঠোর শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের কারণেই ক্যাডেটরা প্রতি বছর এমন দৃষ্টান্তমূলক ফল অর্জন করতে পারছে।”
তিনি আরও যোগ করেন, কেবল পুঁথিগত ভালো ফলাফল নয়; বরং প্রতিটি ক্যাডেটকে সুনাগরিক, নীতিবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।
kalprakash.com/IM