তেজগাঁও কলেজের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মূল ক্যান্টিন অবিলম্বে পুনরায় চালু এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে শিক্ষার্থীবান্ধব নতুন ক্যাফেটেরিয়া স্থাপনে ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তেজগাঁও কলেজ সংসদ।
রোববার (৯ আগস্ট) তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের নিকট সংগঠনের পক্ষ থেকে এই ৩ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
ছাত্র ইউনিয়নের উত্থাপিত ৩ দফা দাবিগুলো হলো:
১. অবিলম্বে তেজগাঁও কলেজের বন্ধ থাকা মূল ক্যান্টিন পুনরায় চালু করতে হবে।
২. খাবারের মৌলিক চাহিদাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। সাধারণ ও শ্রমজীবী পরিবার থেকে আসা শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে কলেজ প্রশাসনের নিজস্ব ভর্তুকির মাধ্যমে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে।
৩. শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে নির্ধারিত মূল্যের ভাত, মাছ ও মাংসের মানসম্মত সেট মেনু চালু করতে হবে।
দাবি আদায়ের বিষয়ে সংগঠনের সদস্য ফজলে রাব্বি অর্ণব বলেন, “তেজগাঁও কলেজে ক্যান্টিন পুনরায় চালু, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে আমাদের ৩ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “কলেজ প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব।”
kalprakash.com/IM