পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে নিজ বসতবাড়ির ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) গোপন কক্ষে গড়ে তোলা চোরাই গরুর খামারের সন্ধান পেয়েছে পুলিশ। ওই গোপন আন্ডারগ্রাউন্ডে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দুটি চোরাই গরু এবং একই সাথে আটক করা হয়েছে চক্রের মূলহোতা স্থানীয় যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানকে।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার কোমরপুর সীমান্ত বাজার এলাকায় এ চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়।
আটককৃত শরিফুল ইসলাম প্রধান ওই এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে এলাকায় একটি দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। এরই একপর্যায়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুরি যাওয়া গরু গোপন খামারে লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে সদর থানা পুলিশের একটি দল শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের ভেতরের গোপন ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ড সেল থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং শরিফুলকে আটক করে।
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, “অপরাধী যে-ই হোক, তার আইনি বিচার হওয়া উচিত। ব্যক্তি অপরাধের দায়ভার কখনোই সংগঠন বহন করবে না। অনেকে আমাদের সাথে ছবি তুলে তা ব্যবহার করে অপকর্ম চালায়, এদের চিহ্নিত করে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শরিফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই চুরি চক্রের সাথে জড়িত একাধিক সদস্যের নাম পাওয়া গেছে। চুরি হওয়া একটি গরুর মালিকের সন্ধান মেলায় তাঁর দায়েরকৃত মামলায় আসামিকে আদালত মারফত জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM