শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সহিংসতার কেন্দ্রস্থল এবং আধিপত্য বিস্তারের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘From Resistance to Victory: Legacy of July’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
ক্যাম্পাসগুলোতে সাম্প্রতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনরায় হল দখল ও নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে ছাত্রদল ও তাদের সংঘবদ্ধ বাহিনী। হবিগঞ্জে আমাদের সহযোদ্ধা ভাই আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে।”
সরকারকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা ঝামেলায় জড়াবেন না। তাদের নির্বিঘ্নে পড়াশোনা করার সুযোগ দিন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখুন। ক্ষমতার দাপটে সব দখল করার মানসিকতা শেখ হাসিনাও পোষণ করেছিল, যার পরিণতি আপনারা প্রত্যেকেই দেখেছেন।”
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবদান অত্যন্ত গৌরবোজ্জ্বল ও সময়োপযোগী ছিল। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার পরও তারা আন্দোলনের গতিকে থামতে দেয়নি। তবে অত্যন্ত দুঃখের বিষয়, সরকার এখন পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও সঠিক নথি সংরক্ষণের পর্যাপ্ত উদ্যোগ নেয়নি।”
জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের পরশসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
kalprakash.com/IM