মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ২:০৭:১৪

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৪৮
শেয়ার: mail
দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি) ও মতিঝিল প্রেস ক্লাবের উদ্যোগে দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মতিঝিল প্রেস ক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহ আলম সুরমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, দেশপত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, দেশ অর্থনীতির প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়া, এনবিবির সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ, কাল প্রকাশের সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, জনকথার সম্পাদক ও মতিঝিল প্রেস ক্লাবের সভাপতি আহসান উল্লাহ হাসান, দৈনিক দেশ বার্তার সিনিয়র সাংবাদিক ও মতিঝিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম (সবুজ), প্রতিদিনের বাংলাদেশের রাহাত হুসাইন, এনবিবির বিশেষ প্রতিনিধি সৈয়দা রিমি কবিতা, কাল প্রকাশের মোজো রিপোর্টার আশিকুর রহমান আজিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মৃতিচারণকালে বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিকে চার সহস্রাধিক লিড ও ব্যাক লিড প্রকাশের অনন্য নজির একমাত্র রিমনেরই রয়েছে। তাছাড়া সকল বিষয়ে রিপোর্টিং করার রেকর্ডও একমাত্র তারই দখলে। সুপ্রাচীন অতীত কিংবা সুদূর আগামীতেও এ রেকর্ড কেউ ছুঁয়ে দেখবেন—এমনটা কল্পনা করাও অবাস্তব।

জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণির সকল গণমাধ্যমে রিপোর্টাররা সাধারণত বিটভিত্তিক রিপোর্ট করে থাকেন। কেউ রাজনৈতিক, কেউ কূটনৈতিক, কেউ অর্থনৈতিক, আবার কেউ খেলাধুলা কিংবা বিনোদন বিটে কাজ করেন। কালেভদ্রে কোনো রিপোর্টারকে একাধিক বিটে কাজ করতে দেখা যায়। কিন্তু সাঈদুর রহমান রিমনের ক্ষেত্রেই অর্থনীতি, রাজনীতি, শেয়ারবাজার, অপরাধ, বিনোদন, নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা, সংসদ, কূটনীতি, দুদক, নির্বাচন কমিশন, আইসিটি, চিকিৎসা, প্রতিরক্ষা, কৃষি, শিক্ষাসহ প্রায় সব বিটে অসংখ্য প্রতিবেদন তৈরির নজির রয়েছে।

এমনকি আইন বিষয়ে বিস্তৃত ধারণা ছাড়া আইন-আদালতসংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে রিপোর্ট করার ক্ষেত্রে অধিকাংশ গণমাধ্যমেই অলিখিত বিধিনিষেধ রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতায় একমাত্র ‘মেশিনম্যান’ রিমনের পক্ষেই এমনটি সম্ভব হয়েছে। অথচ বিনয়ী রিমনের কণ্ঠে সবসময়ই শোনা যেত, ‘এখনও ভালো মানের রিপোর্টার হতে পারিনি’—এই আক্ষেপ। যেন তিনি কখনোই ক্লান্ত হননি, মেটেনি তার লেখার সাধ। তাই বলা যায়, সাঈদুর রহমান রিমনের জন্মই হয়েছিল রিপোর্ট করার জন্য।

দোয়া ও মোনাজাত শেষে এনবিবির সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ জানান, আগামী আগস্ট মাসে সুধীজন ও সাংবাদিকদের নিয়ে মরহুমের কবর জিয়ারতের জন্য সমন্বিত কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা পীরবাড়িতে জন্মগ্রহণকারী সাঈদুর রহমান রিমন ১৯৮৫ সালে সাংবাদিকতায় আত্মপ্রকাশ করেন। তিনি দৈনিক ইত্তেফাক, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, দৈনিক সংবাদ, বাংলানিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক দেশবাংলা ও দৈনিক বাংলাভূমিসহ দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে 

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward