জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, প্রখ্যাত গীতিকার, সুরকার, কবি ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেছেন, “নজরুল শুধু বিদ্রোহী কবি নন; তিনি ন্যায়, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। তাই নজরুলের চেতনা ও দর্শন সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।”
মঙ্গলবার ২৮ জুলাই পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ন্যায়ের পক্ষে আপোষহীন নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য পাঠ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
লতিফুল ইসলাম শিবলী আরও বলেন, “চব্বিশের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মূল প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর সাম্য, মানবতা, ন্যায়বোধ ও প্রতিবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। অথচ বিগত দিনে নজরুলকে একপ্রকার সংকুচিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এ বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে সর্বস্তরে তাঁর চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং স্থানীয় সরকারি মহিলা কলেজের অধ্যাপক আখতার জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। এ সময় পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফকরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নজরুল সাহিত্য পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে জাতীয় কবির কালজয়ী গান, আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
kalprakash.com/IM