ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের অডিটোরিয়াম-১-এ বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেন ম্যাচ উপভোগের আয়োজন করা হয়।
সোমবার (২০ জুলাই) রাত ১টায় শুরু হওয়া ম্যাচকে কেন্দ্র করে অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গভীর রাতেও শিক্ষার্থীরা দলে দলে অডিটোরিয়ামে এসে ভিড় জমান।
ম্যাচ শুরুর আগ থেকেই নীল-সাদা জার্সি পরে এবং মুখে রং মেখে শিক্ষার্থীরা তাঁদের প্রিয় দলকে সমর্থন জানাতে উপস্থিত হন। আলোচনা, তর্ক-বিতর্ক ও প্রত্যাশার উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। বড় পর্দায় খেলা শুরু হতেই সেই উচ্ছ্বাস আরও বেড়ে যায়। একই ছাদের নিচে শত শত শিক্ষার্থীর সম্মিলিত উপস্থিতিতে তৈরি হয় ভিন্ন এক আবহ।
ম্যাচজুড়ে শিক্ষার্থীরা একসঙ্গে বসে খেলা উপভোগ করেন। হাততালি ও উচ্ছ্বাসে প্রিয় দলকে সমর্থন জানান তাঁরা। পুরো অডিটোরিয়াম যেন ফুটবল স্টেডিয়ামের গ্যালারিতে রূপ নেয়। চার বছর অপেক্ষার পর অনুষ্ঠিত হওয়া এই ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত হলে অডিটোরিয়ামের পরিবেশে পরিবর্তন আসে। অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নীরবে অডিটোরিয়ামে বসে থাকেন।
আয়োজকদের মতে, জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ফুটবলপ্রেম এবং সম্মিলিতভাবে বিশ্বকাপ ফাইনাল উপভোগের সুযোগ সৃষ্টি করেছে। তাঁদের ভাষ্য, এ অভিজ্ঞতা তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
kalprakash.com/IM