মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৪:২৭

অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘আলোর ক্যানভাস’

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘আলোর ক্যানভাস’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর ক্যানভাস’। সংগঠনটির লক্ষ্য সুবিধাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করা।

উদ্যোগটির প্রতিষ্ঠাতারা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউছার, সামিউল ইসলাম সজীব, নুসরাত তাহসিন, সামিয়া খান ও আরমান আরিফ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী হোসাইন ঠাকুর।

প্রতিষ্ঠাতারা জানান, সাময়িক সহানুভূতির পরিবর্তে দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নই তাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে পেশাদার শিল্পীদের মাধ্যমে অনাথ আশ্রমের শিশুদের নিয়মিত ছবি আঁকার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে শিশুদের আঁকা ছবি দেশ-বিদেশে প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে রঙ-তুলির মাধ্যমে পাহাড়, নদী ও প্রকৃতির নানা ছবি এঁকে নিজেদের সুপ্ত প্রতিভার পরিচয় দিয়েছে শিশুরা।

উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে শিশুদের জন্য স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, শিক্ষা সহায়তা, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জীবনদক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা নুসরাত তাহসিন বলেন, “বৌদ্ধ মন্দিরের এই শিশুরা মানুষের অনুদানের ওপর নির্ভরশীল। আমরা চাই, তারা যেন একটি দক্ষতা অর্জন করে ভবিষ্যতে নিজেরাই আয় করতে পারে এবং স্বনির্ভর হয়ে উঠতে পারে। ভবিষ্যতে সামাজিক পরিবর্তন নিয়ে আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

আরেক প্রতিষ্ঠাতা ফরহাদ কাউছার বলেন, “তরুণদের দক্ষতা, শিক্ষা ও জলবায়ু বিষয়ে কাজ করার লক্ষ্য নিয়েই ‘আলোর ক্যানভাস’ যাত্রা শুরু করেছে। প্রথম উদ্যোগ হিসেবে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের আর্ট ও পেইন্টিং শেখাচ্ছি, যাতে দীর্ঘমেয়াদে তারা স্বাবলম্বী হতে পারে। পরবর্তীতে তাদের আঁকা ছবি ও হস্তশিল্প বাজারজাত করে অর্জিত সম্পূর্ণ মুনাফা অনাথ আশ্রমের উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও আমরা কাজ করব।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘আলোর ক্যানভাস’

বিস্তারিত কমেন্টে