দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯টি আসন রয়েছে।
অন্যদিকে বর্তমানে কারাগারগুলোতে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন। ফলে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি বন্দি অবস্থান করছেন।
মন্ত্রী জানান, অতিরিক্ত বন্দি থাকার কারণে বেশ কয়েকটি কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ; সিলেট কেন্দ্রীয় কারাগার-২; ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এছাড়াও রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
kalprakash.com/SAS
জাতীয় ডেস্ক 
























