জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁর অনুরোধের প্রেক্ষিতে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদাকে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, নবনিযুক্ত ভারপ্রাপ্ত ডিন প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট সুবিধাদি ভোগ করবেন। বিদায়ী ও নবনিযুক্ত ডিনকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ যথাসময়ে রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুভূতি ব্যক্ত করে ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও খুশি যে আমি একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আসতে পেরেছি।
তিনি আরও বলেন, আমার স্বপ্ন সমাজবিজ্ঞান অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কোয়ালিটি রয়েছে, তা সকল বিভাগ ও সবাইকে সঙ্গে নিয়ে আরও উন্নত করা। সকলের সহযোগিতায় আমি এই সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ঘটাতে চাই।
অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জিআইএস (GIS), রিমোট সেন্সিং, জলসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
পেশাগত জীবনে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে দ্য ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পরবর্তীতে ন্যাশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শামছুল আলম গত ৬ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ লাভ করেন।
kalprakash.com/SAS
জাবি প্রতিনিধি 

















