বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, ফুটবলারদের স্টাইল ও ফ্যাশন নিয়েও বিশ্বজুড়ে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। আর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে ঘিরে এই আগ্রহ বরাবরই থাকে সবচেয়ে বেশি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এবার নতুন হেয়ারস্টাইলে দেখা গেছে এই ব্রাজিলিয়ান তারকাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে নেইমারের নতুন লুক ফুটে ওঠে।
নতুন এই স্টাইলে নেইমারের চুলে হালকা সোনালি বা ব্লন্ড রঙ ব্যবহার করা হয়েছে, যা তাঁর ২০১৮ সালের পরিচিত লুকের কথা মনে করিয়ে দেয়। সে সময় পিএসজিতে খেলার সময়ও একই ধরনের স্টাইল ছিল তাঁর।
ফুটবলবিশ্বে ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত নেইমারের এই নতুন রূপ নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অনেকে মনে করছেন, কেবল হেয়ারস্টাইল নয়, বিশ্বকাপের আগে মূল চ্যালেঞ্জ হলো তাঁর ফিটনেস।
বর্তমানে সান্তোসের এই তারকা পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও এখনো তিনি শতভাগ ফিট নন বলে জানা গেছে।
নেইমারের হেয়ার স্টাইলিস্টও সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বকাপের জন্য নেইমারের নতুন লুক প্রস্তুত থাকলেও ভক্তদের আসল অপেক্ষা তাঁর পূর্ণ ফিটনেসে ফেরার দিকে।
কাল প্রকাশ ডেস্ক 























