যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে “আব্রাহাম অ্যাকর্ডস”-এ আরও দেশকে যুক্ত করার উদ্যোগ নেওয়া উচিত। তাঁর মতে, ইরানও চাইলে এই চুক্তিতে যোগ দিতে পারে, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে।
ট্রাম্প জানান, তিনি সম্প্রতি কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্কসহ একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গেও আলোচনা করেন—যারা ইতোমধ্যে এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
তিনি ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, সব দেশকে অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইরান যদি আমার সঙ্গে একটি চুক্তি করে, তবে তাদেরও এই বিশ্বজোটে যুক্ত হওয়া সম্মানের বিষয় হবে।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের জটিল পরিস্থিতি সমাধানে কাজ করছে এবং অনেক দেশই এই উদ্যোগে যোগ দিতে প্রস্তুত। তবে কিছু দেশের আপত্তি থাকলেও বেশিরভাগ দেশ এতে অংশ নিতে ইচ্ছুক বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে কোনো চুক্তি এখনই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই।
ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তার দীর্ঘদিনের সহযোগী সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি একে “অঞ্চল ও বিশ্বের জন্য রূপান্তরমূলক পদক্ষেপ” বলে উল্লেখ করেন।
আব্রাহাম অ্যাকর্ডস হলো এমন একটি কূটনৈতিক উদ্যোগ, যার মাধ্যমে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ তাদের সম্পর্ক স্বাভাবিক করে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথম এই চুক্তিতে স্বাক্ষর করে। পরে সুদান ও মরক্কোও এতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্লেষকদের মতে, ইরানকে এই কাঠামোর অন্তর্ভুক্ত করার আহ্বান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন উত্তেজনা ও জটিলতা তৈরি করতে পারে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 



















