রাজধানীর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুনর্বাসন ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ঘনবসতি, দোকানপাট এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রায় ১০ লাখ টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি গৃহহীনদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্তদের রাতযাপনের ব্যবস্থা এবং পরবর্তী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে।
এ ঘটনায় নাশকতার সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে পুলিশ।
তিনি আরও জানান, কিছুদিন আগে ওই এলাকায় উচ্ছেদ অভিযান হয়েছিল—সেই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক 



















