শিশুর খাদ্যতালিকায় ফল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর পাকা পেঁপে তার মধ্যে একটি সহজলভ্য ও পুষ্টিকর বিকল্প। তবে ছোট শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ কি না—এ নিয়ে অনেক অভিভাবকের মধ্যে দ্বিধা থাকে।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে পাকা পেঁপে শিশুদের জন্য সাধারণত নিরাপদ এবং উপকারী।
পেঁপেতে থাকা ‘প্যাপেইন’ নামের প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সহজ করে এবং প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে শিশুদের হজম শক্তি উন্নত হতে পারে। এছাড়া এতে থাকা উচ্চমাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক ভূমিকা রাখে।
পাকা পেঁপে শিশুদের গ্যাস, পেট ফাঁপা ও হজমজনিত অস্বস্তি কমাতেও সাহায্য করতে পারে বলে পুষ্টিবিদরা মনে করেন। এতে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
তবে সময় ও পরিমাণের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে—
- সকাল বা দুপুরের আগে পেঁপে খাওয়ানো সবচেয়ে ভালো
- বিকেলের হালকা নাশতা হিসেবেও দেওয়া যেতে পারে
- রাতের খাবারের আগে বা ঘুমানোর ঠিক আগে না দেওয়াই উত্তম
- ভারী খাবারের সঙ্গে না দিয়ে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিরতি রাখা উচিত
শিশুকে পেঁপে খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। সাধারণত ছয় মাস বয়সের পর, যখন শিশু সলিড খাবার শুরু করে, তখন অল্প পরিমাণে পাকা পেঁপে দেওয়া যেতে পারে। শুরুতে পিউরি বা ভালোভাবে চটকে দেওয়া অবস্থায় খাওয়ানো ভালো।
সবসময় নিশ্চিত করতে হবে যে পেঁপে সম্পূর্ণ পাকা। কাঁচা বা আধাপাকা পেঁপে শিশুর পেটে অস্বস্তি বা ব্যথার কারণ হতে পারে।
প্রথমবার খাওয়ানোর পর শিশুর শরীরে অ্যালার্জি, র্যাশ বা অন্য কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা উচিত। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
অনলাইন ডেস্ক 

























