মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য ও নীতিগত অবস্থান কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক চাপ বা হামলার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিউবার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নজরদারি বিমান অভিযান বৃদ্ধি এবং সামরিক উপস্থিতি জোরদারের মতো পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তবে কিউবা সরকার এসব পদক্ষেপকে “সমষ্টিগত শাস্তি” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটি বর্তমানে জ্বালানি সংকটসহ গভীর অর্থনৈতিক চাপে রয়েছে।
এদিকে অতীতের মতোই কিউবা ইস্যুতে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর এবারই সবচেয়ে বেশি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন কিউবায় হামলার কোনো পরিকল্পনা নেই। তবে সাম্প্রতিক সামরিক তৎপরতা ও রাজনৈতিক বার্তাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























