সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট মাধবী মার্মাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছে বান্দরবান জেলা মহিলা দলের নেতাকর্মীরা।
রোববার (১০ মে) সন্ধ্যায় সাংসদ মাধবী মার্মার নিজ বাসভবনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগমের নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ এ সময় নবাগত এ নারী সাংসদকে শুভেচ্ছা জানান এবং উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। জেলা মহিলা দলের সিনিয়র নেত্রী পাইলোচিং মার্মাসহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সংরক্ষিত নারী আসন (বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি) এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে নারীদের উন্নয়নে আমি কাজ করে যাব। নারী ও শিশুদের কল্যাণে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
তিনি আরও বলেন, প্রত্যেক জাতিগোষ্ঠী থেকে আরও বেশি সংখ্যক নারী প্রতিনিধি সৃষ্টি করার প্রত্যয় নিয়ে তিনি সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান।
এ বিষয়ে বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম বলেন, “অ্যাডভোকেট মাধবী মার্মা বান্দরবানের নারী অগ্রযাত্রায় একটি উদাহরণ হয়ে উঠুক। সবচেয়ে বড় বিষয়, তিনি বাইরের কেউ নন। তিনি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত একজন সংসদ সদস্য। সুতরাং তারেক রহমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে বান্দরবান জেলা মহিলা দলের সার্বিক সহযোগিতা তিনি পাবেন।”
উল্লেখ্য, গত শনিবার (৯ মে) বিকেলে শপথ গ্রহণের পর প্রথমবার নিজ জেলায় ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন সংরক্ষিত নারী সাংসদ অ্যাড. মাধবী মার্মা। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি।
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি 
























