যশোরের মণিরামপুরে অসহায় প্রতিবন্ধী সালাম গাজী (ভূট্টা)-এর চলাচলের কষ্ট লাঘবে হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে সরকারি ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) যশোর জেলা প্রশাসনের নির্দেশক্রমে মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী সালাম গাজীর হাতে হুইলচেয়ারটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন।
এ সময় তাঁর অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি ঘর প্রদানের আশ্বাস দেন ইউএনও। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্বস্তি ফিরবে সালাম গাজীর দৈনন্দিন জীবনে। হুইলচেয়ার পেয়ে তিনি চলাচলের ক্ষেত্রে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে স্থানীয়রা বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এমন সহযোগিতা অব্যাহত থাকলে তাঁদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।