যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। দেশটির সেনাবাহিনী, রিজার্ভ বাহিনী ও পুলিশ সদস্যদের আত্মহত্যার পরিসংখ্যানে উঠে এসেছে এমন চিত্র। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।
ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের বরাতে দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের যুদ্ধের সময় ইসরায়েলের রিজার্ভ বাহিনীর অন্তত ১৭ জন সদস্য আত্মহত্যা করেছেন। একই সময়ে দেশটির পাঁচজন পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের অধীনে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ছয়টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।
প্রতিবেদনে এসব পরিসংখ্যানকে দেশটির নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরে আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগজনক প্রবণতা হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ঘটনা বেড়েছে বলে উল্লেখ করেছে হারেৎজ।
সক্রিয় সেনাসদস্য থেকে শুরু করে রিজার্ভ সেনা ও পুলিশ সদস্যদের মধ্যে আত্মহত্যার এসব ঘটনা যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
সূত্র: হারেৎজ, পার্সটুডে, আইআরআইবি।