যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্দর ও ডিজিটাল অবকাঠামোতে সাইবার হামলার প্রচেষ্টা উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটির অন্যতম ব্যস্ত লস অ্যাঞ্জেলেস বন্দরে মাত্র এক মাসে ১২ কোটি সাইবার হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। ২০২৩ সালে মাসিক গড় হামলার প্রচেষ্টার তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্রেও প্রতিদিন শত শত থেকে হাজার হাজার সাইবার অনুপ্রবেশের চেষ্টা চলছে।
ইরানের সিমা নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্রের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বন্দর ব্যবস্থায় প্রতিদিন বিপুলসংখ্যক সাইবার অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এসব প্রচেষ্টার সংখ্যা কখনো কয়েক শ, আবার কখনো কয়েক হাজারে পৌঁছাচ্ছে।
এ পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি হ্যাকারদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। এর ফলে ডিজিটাল নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলোকে কাজে লাগানো আগের তুলনায় সহজ হয়ে উঠতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা, জেপি মরগ্যান চেজ ব্যাংক এবং মাইক্রোসফটের আউটলুক সেবায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা গেছে।
যদিও এসব ঘটনাকে সাইবার হামলা হিসেবে শনাক্ত করা হয়নি, তবু এগুলো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সংবেদনশীলতা ও সম্ভাব্য দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে।
সব মিলিয়ে বন্দর, জ্বালানি ও আর্থিক সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সাইবার নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার হুমকির ধরন ও পরিসরও দ্রুত পরিবর্তিত হচ্ছে।
সূত্র: ইরনা, পার্সটুডে, ফাইন্যান্সিয়াল টাইমস।