বিশ্ব রাজনীতির আলোচিত দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তাঁরা। বৈঠকের শুরুতেই পুতিনকে ‘আমার বন্ধু’ বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। এ সময় দুই নেতার করমর্দন ও কানে কানে কথা বলার দৃশ্যও প্রকাশ করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁদের এই সাক্ষাৎ হয়।
বৈঠকের শুরুতে পুতিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি।’
ট্রাম্প আরও বলেন, তাঁদের এই সম্পর্কের মাধ্যমে অনেক ইতিবাচক অর্জন সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। অন্তত সেই সম্ভাবনা বাস্তবায়নের একটি নতুন প্রক্রিয়া শুরু হতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
পুতিনের কানে কানে কী বললেন ট্রাম্প?
হোয়াইট হাউসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতে দেখা যায়। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে ভিডিওতে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ছাড়া হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে আঙুল নির্দেশ করে ‘তিনি আমার বন্ধু’ বলতে শোনা যায়।
দ্বিপাক্ষিক বৈঠকের পর আন্তর্জাতিক কূটনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজনের দিকে নজর রয়েছে। এপেক শীর্ষ সম্মেলনের পরবর্তী পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রের শীর্ষ নেতাদের সম্ভাব্য এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনায় আসবে এবং কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা হয় কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।