পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং হাম রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে কমিউনিটি সভা ও বাড়ি বাড়ি তথ্যসংবলিত স্টিকার সংযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এবং জেলা তথ্য অফিস, পিরোজপুরের ব্যবস্থাপনায় ও ইউনিসেফ বরিশালের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহ উপস্থিত থেকে কার্যক্রমটির নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রুবাইয়া আক্তার নুপুরসহ অন্যান্য কার্যকরী ও সাধারণ সদস্যরা।
কর্মসূচিজুড়ে সংগঠনের সদস্যরা কদমতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, শিশুদের হাম রোগ থেকে নিরাপদ রাখতে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং প্রতিটি ঘরে ঘরে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহ বলেন, “কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন সব সময় জনকল্যাণমূলক কাজ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। জেলা তথ্য অফিস ও ইউনিসেফ বরিশালের সহায়তায় আমাদের এ উদ্যোগ স্থানীয় জনগণকে স্বাস্থ্যসচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপস্থিত সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।