কানাডায় উচ্চশিক্ষা অর্জনে নারীদের অগ্রগতি ক্রমেই বাড়ছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৫ থেকে ৬৪ বছর বয়সী নারীদের ৭১ শতাংশের কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা ছিল। ২০১৫ সালে এই হার ছিল ৬১ শতাংশ।
একই বয়সী পুরুষদের মধ্যে ২০২৫ সালে উচ্চশিক্ষার যোগ্যতা অর্জনের হার ছিল ৫৭ শতাংশ। এক দশক আগে, অর্থাৎ ২০১৫ সালে এই হার ছিল ৪৯ শতাংশ। সে হিসাবে কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতায় নারীরা পুরুষদের চেয়ে ১৪ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে নারী ও পুরুষ—উভয়ের মধ্যেই উচ্চশিক্ষা অর্জনের প্রবণতা বেড়েছে। তবে নারীদের অগ্রগতিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারী নারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, পুরুষদের মধ্যে কর্মক্ষেত্রভিত্তিক দক্ষতা অর্জনে কলেজ পর্যায়ের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রবণতা তুলনামূলক বেশি। ফলে উচ্চশিক্ষার বিভিন্ন ধারায় নারী-পুরুষের অংশগ্রহণে ভিন্নতা দেখা যাচ্ছে।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্যমতে, ২০২৫ সালে দেশটির ২৫ থেকে ৬৪ বছর বয়সী জনগোষ্ঠীর ৬৪ শতাংশের কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা ছিল। ২০১৫ সালে এই হার ছিল ৫৫ শতাংশ। অর্থাৎ, এক দশকে কানাডার কর্মক্ষম বয়সী জনগোষ্ঠীর সামগ্রিক শিক্ষাগত যোগ্যতার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শিক্ষায় নারীদের এই অগ্রগতি কানাডার শ্রমবাজার ও পেশাগত ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ। তবে উচ্চশিক্ষায় এগিয়ে থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা, বেতনবৈষম্য কমানো এবং বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।