চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়া পাড়া) গ্রামের মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছাত্রজীবপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুদ্দিন হীরা এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এম আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শিক্ষক গোলাম কবির অনেক আগে থেকেই বাদীর ভাতিজিকে নানা প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন জীববিজ্ঞান বই নেওয়ার জন্য দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে বিকেলে বিদ্যালয়ে ডেকে নিয়ে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি।
kalprakash.com/IM