দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে জমে থাকা বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ধ্বংস করার উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে ৯টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর বি ইয়ার্ড থেকে রাসায়নিকবাহী বিশেষ কনভয়টি নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রওনা দেয়।
বন্দর সূত্রে জানা গেছে, প্রথম চালানে পাঠানো রাসায়নিকের মধ্যে রয়েছে এক কনটেইনার সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড, পাঁচ কনটেইনার মিথানল এবং দুই কনটেইনার থিনার। ওয়াটা কেমিক্যালসে পরিবেশসম্মত উপায়ে এগুলো ধ্বংস করা হবে।
আমদানির পর খালাস না করা এবং আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে এসব বিপজ্জনক কেমিক্যাল বন্দরে আটকা পড়ে ছিল। বর্তমানে বন্দরে থাকা ২৯টি কনটেইনারে প্রায় ৮১ টন ঝুঁকিপূর্ণ রাসায়নিক রয়েছে, যা বন্দর এলাকার সুরক্ষার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।
নিরাপত্তা ঝুঁকি এড়াতে সরকারের একাধিক সংস্থার সমন্বিত উদ্যোগে অবশেষে এসব রাসায়নিক অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ৯টি কনটেইনার স্থানান্তরিত হলো। অবশিষ্ট কনটেইনারগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
kalprakash.com/IM