ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
১ অক্টোবর (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ সময় আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM