নাটোরের লালপুরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার মনিহারপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মনিহারপুর দক্ষিণপাড়া গ্রামের রয়াজ আলীর ছেলে মোমিন আলী (২৫), একই গ্রামের মিন্টু আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯) এবং রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নাজিম উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে পুলিশের একটি দল মনিহারপুর দক্ষিণপাড়া গ্রামের মোমিন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইডি হ্যাকিং এবং বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM