সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজ দি ওয়েভ-২-এর কাছে একটি ট্রলারে করে অজ্ঞাতপরিচয় কয়েকজনের সন্দেহজনকভাবে এগিয়ে আসার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে চার রাউন্ড গুলি ছোড়া হলে ট্রলারটি সাগরের দিকে চলে যায়।
শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে দুটি পর্যটকবাহী জাহাজ নোঙর করা ছিল।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান জানান, একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারে করে কয়েকজন ব্যক্তি দি ওয়েভ-২-এর দিকে এগিয়ে আসছিলেন। সাগরে থাকা জেলেরা বিষয়টি দেখতে পেয়ে বনরক্ষীদের মোবাইল ফোনে অবহিত করেন।
খবর পাওয়ার পর বনরক্ষীরা একটি বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উপস্থিতি বুঝতে পেরে ট্রলারে থাকা ব্যক্তিরা সরে যাওয়ার চেষ্টা করেন। তখন বনরক্ষীরা ট্রলারটির পিছু নেন। পরে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হলে সন্দেহভাজনরা ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায়। ফরেস্টার তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে এসব তথ্য জানান।
এদিকে কটকা এলাকায় বর্তমানে দি ওয়েভ-২ এবং আরালসী নামে দুটি পর্যটকবাহী জাহাজ রয়েছে। দি ওয়েভ-২-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুই জাহাজে দেশি ও বিদেশি মোট ৯৭ জন পর্যটক অবস্থান করছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, পর্যটকবাহী জাহাজের দিকে সন্দেহজনকভাবে বনদস্যুদের এগিয়ে আসার ঘটনা অত্যন্ত উদ্বেগের। এর আগে পর্যটকবাহী জাহাজকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাঁরা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। তাই বনদস্যুদের নিয়ন্ত্রণে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।
পর্যটন মৌসুমে সুন্দরবনে পর্যটকবাহী জাহাজের চলাচল বৃদ্ধি পাওয়ায় কটকার মতো পর্যটনকেন্দ্রিক এলাকায় নিরাপত্তা নিয়ে এ ঘটনায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
kalprakash.com/IM