রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। মুখোশধারী ব্যক্তিরা কেন্দ্রটির নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালানোর পর এক্সকাভেটর দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়ে তদন্ত চলছিল। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাড্ডা সেন্টারের ঘটনার মধ্যে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের সংশ্লিষ্ট কমিটিও বিলুপ্ত এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। তবে দলীয় বিজ্ঞপ্তিতে এসব সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে রাড্ডা সেন্টারের ঘটনার সরাসরি কোনো সম্পর্ক উল্লেখ করা হয়নি।
kalprakash.com/IM