রুহামা ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত সীরাত বিষয়ক জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের জন্য ৬০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। তাদের মধ্য থেকে ফাইনাল পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রুহামা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, ড. মুফতি দিলাওয়ার হুসাইন, প্রফেসর ড. ইলিয়াস সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুর রহমান বাকী নদভীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার পিপলস হাসপাতালের চেয়ারম্যান, লেখক ও গবেষক মুফতি আতাউস শারীফ।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করা এবং শিশু-কিশোরদের মধ্যে সীরাতচর্চা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও সীরাত সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
kalprakash.com/IM