দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের মুখে বিগত সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় মামলা, হামলা, জেল-জুলুম ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তবে তাঁরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তাঁরা উল্লেখ করেন।
বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ খাজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি উমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
kalprakash.com/IM