জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী হিসেবে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিশ্বমঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, যেকোনো পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে ভারত সর্বদা প্রস্তুত রয়েছে।
শনিবার আন্তর্জাতিক সংস্থাটির ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনো পাশাপাশি চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে দেশটির মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করার তাগিদ দেন তিনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্ত পারের এই উগ্রবাদকে গোটা বিশ্বব্যবস্থার জন্য গুরুতর হুমকি উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ‘শূন্য-সহনশীলতা’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এর আগে অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতের সামরিক পদক্ষেপ ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতের ওই পদক্ষেপকে অহেতুক আগ্রাসন হিসেবে অভিহিত করে নিজেদের সামরিক প্রতিক্রিয়াকে আত্মরক্ষা বলে দাবি করেন তিনি। পাশাপাশি এই পরিস্থিতি শান্ত করতে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।
তবে ট্রাম্পের ভূমিকার বিষয়টি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, বরং পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি অনুরোধ ও যোগাযোগের পরিপ্রেক্ষিতেই তারা ওই অভিযান স্থগিত করেছিল।
kalprakash.com/IM