চলতি বছরের বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ শুরুর আগে দেশের সব মাধ্যমিক ও উচ্চপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হালনাগাদ মোবাইল নম্বর সংগ্রহ ও যাচাই করতে বলেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
যেসব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিস এখনো প্রতিষ্ঠানপ্রধানদের হালনাগাদ মোবাইল নম্বর পাঠায়নি, তাদের আগামীকাল বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি ব্যানবেইসের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য অনলাইনে সংগ্রহ করা হবে। আগামী অক্টোবর থেকে সারা দেশে একযোগে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের কার্যক্রম শুরু হবে।
জরিপের ওয়েবসাইটে তথ্য দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করে প্রথমবার লগইন করতে হবে। প্রথমবার লগইনের সময় প্রতিষ্ঠানপ্রধানের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড পাঠানো হবে। জরিপ চলাকালে পরবর্তী সব লগইনের ক্ষেত্রেও একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ব্যানবেইস জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোতে পাসওয়ার্ড পাঠানোর জন্য হালনাগাদ মোবাইল নম্বর সংগ্রহ ও যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা তথ্য পাঠাতে পারেনি, তাদের এবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিষ্ঠানপ্রধানদের হালনাগাদ মোবাইল নম্বর সংগ্রহ ও যাচাই করে ব্যানবেইসে পাঠাতে হবে। তথ্য aso2_stat@banbeis.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ডকপি ডাকযোগে ব্যানবেইস কার্যালয়ে পাঠাতে হবে।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হালনাগাদ মোবাইল নম্বর পাঠানো না হলে ব্যানবেইসের ডেটাবেজে সংশ্লিষ্ট উপজেলা বা থানার প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত মোবাইল নম্বরকেই সঠিক হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
kalprakash.com/IM