২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তর মিলিয়ে প্রায় ৩০ কোটি ৭২ লাখ পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইও রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বই সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ছাপাখানায় মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ এগিয়ে চলছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে বই পৌঁছে দেওয়ার রোডম্যাপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় বই সরবরাহও শুরু হয়েছে।
বইয়ের মান নিশ্চিত করতেও এবার কঠোর নজরদারি করা হচ্ছে। এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি মাঠপর্যায়ে একাধিক মনিটরিং টিম কাজ করছে। মানদণ্ড পূরণ না করা বই ও ছাপানো ফর্মা বাতিল করা হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম ফখরুল মাওলা জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ মানসম্মত ও নির্ভুল পাঠ্যবই উপজেলায় পৌঁছে দিতে মন্ত্রণালয় ও এনসিটিবি কাজ করছে। প্রেস ও মাঠপর্যায়ে বই গ্রহণের সময়ও মান যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বছরের শুরুতে আংশিক বই পাওয়ার পরিবর্তে শিক্ষার্থীরা একসঙ্গে পুরো সেট বই পাওয়ার সুযোগ পাবে।
kalprakash.com/IM