পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল মাঠে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দেড় শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে স্কুলভবন মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি।
দুস্থ ও অসহায় মানুষের জন্য এমন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট সবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকারভোগীরা।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল বলেন, জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খানের নির্দেশনা অনুযায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্ত-মানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায়, দুস্থ ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM