বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১২ দিনের মধ্যেই জনকল্যাণে একাধিক ইতিবাচক সাফল্য এনেছে এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলা করতে না পেরে ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময়সীমা কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এই অল্প সময়ের মধ্যেই জনজীবনে স্বস্তি ও স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
আসন্ন দিনগুলোতে ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সতর্ক করে প্রেস সচিব জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ রূপ নিতে পারে বলে সরকার সতর্ক করেছে। এডিস মশার প্রজনন রোধে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বর্তমান বিএনপি সরকারকে জনগণের কাছে একটি পূর্ণ দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনদুর্ভোগ লাঘবে তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর গভীর নজর রাখছেন এবং যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সাদাসিধে জীবনযাপনের কথা তুলে ধরে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকার সাধারণ খাবার খাচ্ছেন—এটি প্রচারের কোনো বিষয় নয়, বরং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, এটি একটি মহান দায়িত্ব। এর মধ্য দিয়ে সাধারণ মানুষ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং জনগণ বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত তাদের সঙ্গেই রয়েছেন।
kalprakash.com/IM