যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সম্প্রতি উন্মুক্ত করা একগুচ্ছ গোপন নথি থেকে ৯/১১ হামলা ও আল কায়েদা নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশিত নথিতে জানা গেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই ভয়াবহ হামলার বহু আগেই ভারতসহ বেশ কয়েকটি দেশে আঘাত হানার নীলনকশা তৈরি করেছিলেন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। একই সঙ্গে হামলার সুনির্দিষ্ট আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও তা ঠেকাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।
২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে আল কায়েদার সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তির প্রাক্কালে সিআইএর ৭১টি ক্লাসিফায়েড বা গোপন গোয়েন্দা প্রতিবেদন সর্বসাধারণের জন্য অবমুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের জন্য প্রস্তুত করা এসব গোপন রিপোর্ট থেকে জানা গেছে, ৯/১১ হামলার অনেক আগেই ভারতে নাশকতার পরিকল্পনা ছিল লাদেনের। ‘বিন লাদেনের জঙ্গি নেটওয়ার্ক এখনও বড় বিপদ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল—ভারত ছাড়াও মিসর, পাকিস্তান, উগান্ডা ও নাইজেরিয়ায় হামলার ছক কষছে আল কায়েদা। তবে ঠিক কখন বা কীভাবে এসব হামলা পরিচালিত হবে, তার বিস্তারিত বিবরণ ওই নথিতে ছিল না।
প্রকাশিত ৭১টি গোয়েন্দা প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ৯/১১ হামলার অনেক আগে থেকেই খোদ আমেরিকার মাটিতে বিস্ফোরকভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হামলার আশঙ্কার বিষয়ে শীর্ষ প্রশাসনকে বারবার সতর্ক করেছিল সিআইএ। এমনকি ২০০১ সালের ৬ আগস্ট—হামলার মাত্র এক মাস আগে—তৎকালীন প্রেসিডেন্ট বুশকে দেওয়া একটি গোয়েন্দা ব্রিফিংয়ের শিরোনামই ছিল ‘আমেরিকায় আঘাত হানতে বদ্ধপরিকর বিন লাদেন’। সেখানে মার্কিন ভূখণ্ডের ভেতরেই আল কায়েদার গোপন নেটওয়ার্ক সক্রিয় থাকার সুস্পষ্ট তথ্য দেওয়া হয়েছিল।
১৯৯৮ সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে এমন সুস্পষ্ট সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও কেন শেষ পর্যন্ত ইতিহাসের অন্যতম বর্বর ও ধ্বংসাত্মক এ হামলা এড়ানো গেল না, তা নিয়ে নিরাপত্তা ও ভূরাজনৈতিক মহলে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
kalprakash.com/IM