গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে তৃণমূলের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।”
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিগত ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়মের অচলায়তন থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য জেলা পরিষদ প্রশাসকদের সক্রিয় ও সজাগ থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে জেলা পরিষদের প্রশাসকেরা রাষ্ট্রপতির কাছে তাঁদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবিদাওয়া তুলে ধরেন।
প্রশাসকদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার। আপনাদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ ও জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এ সময় দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
এছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
kalprakash.com/IM