দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উদ্যোগে সরকারি খাদ্যশস্যের মজুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মোট মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। অর্থাৎ এ সময়ে সরকারি খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন।
শুধু মজুত বৃদ্ধিই নয়, গুদামগুলোর ধারণক্ষমতা বাড়াতেও নেওয়া হয়েছে বিশেষ কর্মপরিকল্পনা। পূর্বে দেশে খাদ্য মজুতের ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন, যা ইতোমধ্যে বাড়িয়ে ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই সংরক্ষণ সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
একই সঙ্গে নিরাপদ খাদ্য মজুতের নির্ধারিত সীমার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত থাকলেই সেটিকে নিরাপদ সীমা হিসেবে গণ্য করা হতো। তবে জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নিরাপদ মজুতের এই সীমা বাড়িয়ে ১৬ লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে।
খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সরকারি খাদ্যশস্যের বর্তমান মজুত অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ফ্লোটিং মজুতসহ মোট ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টন খাদ্যশস্যের মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ মেট্রিক টন এবং ধান ৩৪ হাজার ৭০ মেট্রিক টন। এর মধ্যে ফ্লোটিং মজুত হিসেবে গম রয়েছে ৬৮ হাজার ৭২৩ মেট্রিক টন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ৪ আগস্ট চাল ও গম মিলিয়ে সরকারি মজুত ছিল ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টন। সেই তুলনায় বর্তমানে মজুত বেড়েছে ২ লাখ ২৮ হাজার ১৫৪ মেট্রিক টন। এছাড়া ২০২৪ সালের একই সময়ে দেশে খাদ্যশস্যের মজুত ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ মেট্রিক টন। ফলে ২০২৪ সালের তুলনায় বর্তমান মজুত বেড়েছে প্রায় ৬ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।
এদিকে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহ অভিযানে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ধান ও চাল মিলিয়ে মোট ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ মেট্রিক টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে। এর মধ্যে ধান ৫ লাখ ৭৮ হাজার ১৪০ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লাখ ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ও আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ মেট্রিক টন। এছাড়া গম সংগ্রহ করা হয়েছে ৫২৩ মেট্রিক টন।
ঘাটতি মোকাবিলা ও বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রমও চলমান রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৮ লাখ ২৭ হাজার ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে ৬৫ হাজার ৮৬০ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে ৭ লাখ ৬১ হাজার ৮৪০ মেট্রিক টন আমদানি হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ শাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হচ্ছে। গুদামগুলোতে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুত রয়েছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে। বাজারের সরবরাহ ও ওএমএসসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি স্বাভাবিক রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, জাতীয় চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুত ও সংরক্ষণ সক্ষমতা সমন্বয়ে কাজ চলছে। এবার দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং বোরোর মতো আমন সংগ্রহেও কাঙ্ক্ষিত সাফল্য মিলবে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে গমের দাম বাড়লেও বিকল্প হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণের প্রস্তুতি সরকারের রয়েছে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শস্যের গুণগত মান বজায় রাখায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ও চাল সংগ্রহ করায় কৃষকরাও ন্যায্যমূল্য পাচ্ছেন। খাদ্যশস্যের সংরক্ষণ সক্ষমতা আগামী পাঁচ বছরে ৩৪ লাখ টনে উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে।
kalprakash.com/IM