ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জীবনের এই সংকটময় মুহূর্তে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করে সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জানিয়ে বাঁধন লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’
ঘটনার পর সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ও ইতালি সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সহানুভূতি তাকে আবেগাপ্লুত করেছে উল্লেখ করে তিনি জানান, সবার ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছেন। সবশেষে নিজের সুস্থতা ও নিরাপত্তার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান বাঁধন। গত সোমবার রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কিছু দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাস তার পাশে দাঁড়ায় এবং দেশে-বিদেশে ভক্ত ও বিশিষ্টজনেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
kalprakash.com/IM