ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় জড়িত অনেকের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘গতকাল থেকে প্রচুর মানুষ ফোন করে আমার খোঁজখবর নিচ্ছেন। আমি কেমন আছি, ঠিক আছি কি না—তা জানতে চাইছেন। সবাইকে জানাতে চাই, আমি ভালো আছি, সুস্থ আছি।’
দৃঢ় মনোবল প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কখনো মাথা নত করিনি, কখনো করবও না। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়। এখানকার পুলিশ আমাকে অনেক সহযোগিতা করেছে। গতকাল রাতেই তারা আমাকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। আজ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আমাকে ফোন করেছিলেন, দূতাবাস থেকে প্রতিনিধিরাও আসছেন।’
মামলা দায়েরের বিষয়ে বাঁধন জানান, ‘আমি স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছি। আমার কাছে ঘটনার সমস্ত প্রমাণ রয়েছে এবং আমরা ইতোমধ্যে অনেককে শনাক্ত করেছি।’ এ সময় তিনি উল্লেখ করেন, ঘটনাটি জানার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেওয়া হয়েছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে নিজের ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে হেনস্তার শিকার হন বাঁধন। তাঁর ভাষ্য অনুযায়ী, একদল ব্যক্তি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাঁকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ প্রয়োগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও একদল ব্যক্তিকে অভিনেত্রীর সঙ্গে মারমুখী আচরণ ও কটূক্তি করতে দেখা গেছে।
kalprakash.com/IM