স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন মন্ত্রী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত পাঁচটি অধ্যাদেশ নতুন সরকার জাতীয় সংসদে আইন হিসেবে পাস করেছে। এর ফলে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীকের বিধান পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের সার্বিক সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্রুত বর্ধনশীল নগরায়ণের ফলে দেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM