যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ও বেনাপোল আইসিপি (চেকপোস্ট) বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৩৮ পিস ভারতীয় শাড়ি, ৮২ গজ জিনসের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৪ কেজি কিশমিশ, ১৬৫টি চকলেট এবং ৪২৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে আটকে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
kalprakash.com/IM